বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, মাতৃভাষা আল্লাহর সেরা দান। ইসলামে মাতৃভাষা চর্চার গুরুত্ব অনেক। আল্লাহ তা‘আলা সকল নবী-রাসুল আ.-কে তাদের স্বজাতীয় ভাষায়ই প্রেরণ করেছেন।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে পুরানা পল্টনস্থ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ভাষা শহীদদের স্মরনে আলোচনা সভা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, এদেশে আদিকাল থেকেই বাংলা ভাষা চর্চার ঐতিহ্য রয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান হওয়ার
পর বাংলাভাষা রাষ্ট্রীয়ভাবে আক্রান্ত হয়। আমাদের মাতৃভাষার অধিকার কেড়ে নিতে জালেমগোষ্ঠী নিরস্ত্র মানুষের উপর ঝাপিয়ে পড়ে। মাতৃভাষার অধিকার রক্ষায় তরুণ ছাত্র জনতা রক্ত দিয়েছে জীবন দিয়েছে। ফলে বাংলাভাষা আজ আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে।
তিনি বলেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশের কোন কোন অফিস আদালত থেকে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাভাষা আজ উপেক্ষিত। তাই সর্বক্ষেত্রে বিশুদ্ধ বাংলাভাষার চর্চাকে গুরুত্ব দিতে হবে।
ঢাকা মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব মুফতি শরাফত হোসাইন, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী,
সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, ঢাকা মহানগর সহ-সভাপতি মুফতি হাবীবুর রহমান, মাওলানা সানাউল্লাহ আমিনী, মাওলানা আবুল কাসেম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আতিক উল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, মাওলানা কামালুদ্দীন ফারুকী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নাটোরী, বায়তুলমাল সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ, মুহাম্মদ জাভেদ হোসাইন, হাফেজ দেলোয়ার হোসাইন প্রমূখ।










