ট্রান্সজেন্ডারের প্রকৃত অর্থ শিক্ষামন্ত্রী খুব ভালো করেই জানেন, কিন্তু জেনেও না জানার ভান করছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী ফয়জুল করীম।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের মুসলমানরা কোনো অবস্থাতেই ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন করতে দেবে না।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ষষ্ঠ নগর যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রীর উদ্দেশে মুফতী ফয়জুল করীম বলেন, শিক্ষামন্ত্রী, ট্রান্সজেন্ডার কী আপনি জানেন না? আপনি তো অবশ্যই জানেন ট্রান্সজেন্ডার কী! অবশ্যই আপনি জানেন, কিন্তু না জানার ভান করছেন। বাংলাদেশের মুসলমানরা এই দেশে কোনো ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়ন করতে দিবে না। যদি সত্যি আপনার জানা না থাকে, তবে যারা এ বিষয়ে বিজ্ঞ তাদের সঙ্গে খোলামেলা বৈঠক করে বিষয়টি জেনে নিন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি খুব চমৎকার কথা বলেন। আপনি সংবিধান সম্পর্কে ভালোই জানেন, জ্ঞানও আছে। কিন্তু আপনার মূল দায়িত্বটা পালন করার জ্ঞানও আপনার থাকা উচিত। দেশে কী পরিমাণ খুন, ধর্ষণ ও গুমের ঘটনা ঘটছে, তা কি আপনি তদারকি করছেন? আপনার আগে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা উচিত।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন চরমোনাই নায়েবে আমির। তিনি বলেন, সমাজে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য আগের মতোই রয়ে গেছে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে বারবার বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বাড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণ যতটুকু গ্যাস বা বিদ্যুৎ ব্যবহার করছে না, অনেক ক্ষেত্রে তার চেয়েও বহুগুণ বেশি বিল আসছে। এসব পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলনের লক্ষ্য শুধু ক্ষমতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন এবং ইসলামী শরিয়াহ বাস্তবায়ন। আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চান না বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন। পাশাপাশি মাদরাসা শিক্ষা ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, কোনো একটি বিচ্ছিন্ন ঘটনার দায়ে কোনো গোষ্ঠী, মাদরাসা বা প্রতিষ্ঠানকে দায়ী করা উচিত নয়।











