ইসলাম বিদ্বেষী লেখক সালমান রুশদির ওপর ভয়াবহ হামলায় অভিযুক্ত ব্যক্তিকে পুরস্কার দিচ্ছে ইরানের একটি ফাউন্ডেশন। পুরস্কার হিসেবে হামলাকারীকে এক হাজার বর্গমিটার কৃষিজমি দিচ্ছে ফাউন্ডেশনটি।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টিভি তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছে।
ইরানের “ফাউন্ডেশন টু ইমপ্লিমেন্ট ইমাম খামেনি’স ফতোয়াস”-এর সেক্রেটারি ইসমাইল জারেই বলেন, রুশদির একটি চোখ অন্ধ করে এবং হাত অকেজো করে দিয়ে যিনি মুসলিমদেরকে খুশি করেছেন, তার এই সাহসী কাজের জন্য আমরা আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, এমন সাহসী কাজ যিনি করেছেন তার সম্মানার্থে তাকে কিংবা তার আইনি কোনো প্রতিনিধিকে প্রায় ১ হাজার বর্গমিটার কৃষিজমি দান করা হবে।
১৯৯৮ সালে ইরানের তৎকালীন শীয়া ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইসলাম বিদ্বেষী এই লেখকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া ঘোষণা করেন। এছাড়া রুশদির মাথার দাম ৩০ লাখ ডলার ঘোষণা করেছিল ইরান। রুশদির “স্যাটানিক ভার্সেস” উপন্যাসকে মুসলিম ধর্মাবমাননা হিসাবেই দেখা হয়।
উল্লেখ্য; গতবছর আগস্ট মাসে আমেরিকার নিউ ইয়র্কের শাটাকোয়া ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়েছিলেন সালমান রুশদি। বুকারজয়ী এই লেখককে পরিচয় করিয়ে দেওয়ার সময় এক লোক দৌড়ে স্টেজে উঠে ছুরি নিয়ে তার ওপর হামলা চালায়।











