শনিবার | ২১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জামায়াত আমিরের নেতৃত্বে প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা ও দোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বেদিতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন জামায়াত আমিরসহ ১১ দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান জামায়াত আমিরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এরপর রাত ১২টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদ বেদিতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসউদ এবং এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতারা। এছাড়াও জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আরমান, কর্নেল আব্দুল বাতেন (অবসরপ্রাপ্ত) শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

জামায়াতের পক্ষ থেকে আগে এভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের নজির ছিল না। এবারই প্রথমবার দলীয়ভাবে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করা হলো।

এর আগে প্রধানমন্ত্রী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ