জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে মোনাজাতে মুসলিম দেশগুলোতে চলমান যুদ্ধ, বিশেষ করে ইরানের ওপর আমেরিকা ও ইসরাইলের হামলার প্রসঙ্গ তুলে সারা বিশ্বে যুদ্ধ বন্ধ করে শান্তি কামনা করা হয়। প্রধান জামাতে নামাজ শেষে খুতবা পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী আবদুল মালেক।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ মাঠ।
মোনাজাতে মুফতী আবদুল মালেক বলেন, হে আল্লাহ, বিশ্বের ফিতনা-ফাসাদ থেকে মানুষকে হেফাজত করুন। যুদ্ধ-বিগ্রহ থেকে মানুষকে নিরাপত্তা দিন। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করুন। মুসলিমদের এক হয়ে সব পরিস্থিতি মোকাবেলা করার শক্তি দিন।
বিশ্বের অনেক দেশে মুসলিমরা নির্যাতন-জুলুমের শিকার হচ্ছে উল্লেখ করে তাদের হেফাজত করার পাশাপাশি মুসলিম দেশগুলোকে তাদের পাশে দাঁড়ানো এবং জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
এ সময় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করা হয়। পাশাপাশি সব মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তা কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
সবাইকে পাপাচার ও অন্যায়-অপরাধ থেকে হেফাজতের জন্য দোয়া চান মুফতী মুহাম্মদ আবদুল মালেক।
এই ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।










