মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) আর যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য নয়। শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে সামরিক অভিযান চালিয়ে আসছে। শুরুতে এই অভিযানের উদ্দেশ্য নিয়ে নানা জল্পনা থাকলেও, সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্প স্পষ্ট করেন যে, সরকার পরিবর্তন এখন অগ্রাধিকার তালিকায় নেই।
ট্রাম্প বলেন, দীর্ঘ সময় ইরানে সামরিক উপস্থিতি বজায় থাকলে দেশটির পুনর্গঠন ব্যাহত হবে। তার ভাষায়, আমরা যদি সেখানে আরও দীর্ঘ সময় থাকি, তবে তারা আর পুনর্গঠন করতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, ইরানের পুনর্গঠনে প্রায় ১০ বছর সময় লাগতে পারে।
একই সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। ট্রাম্প বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।
তবে তিনি এটিও ইঙ্গিত দেন যে, ভবিষ্যতে ইরানের ক্ষমতায় কারা থাকবে সে বিষয়ে ওয়াশিংটন কিছুটা প্রভাব রাখতে পারে, যদিও সেটি এখন প্রধান বিষয় নয়।
ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে ট্রাম্প দাবি করেন, সেটি ধ্বংস করা হয়েছে। তবে তিনি বলেন, ভূগর্ভে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ এখনও থাকতে পারে।
এদিকে ন্যাটো সদস্য দেশগুলো হরমুজ প্রণালির অবরোধ অপসারণে সহায়তার অনুরোধ প্রত্যাখ্যান করায় তাদের সমালোচনা করেছেন ট্রাম্প।
সূত্র: আল আরাবিয়া










