spot_img

এবারের রমজানে কোনো দ্রব্যের দাম বাড়েনি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এবারের রমজানে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায়নি এবং জনগণ কোনো কষ্ট অনুভব করেনি। তিনি আশা প্রকাশ করেছেন, দেশের মানুষকে একটি শান্তিপূর্ণ ঈদ উপহার দিতে সরকার অনেকটা সফল হয়েছে।

শনিবার সকাল ১০টায় নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। এভাবেই আমরা সামনের দিনেও জনকল্যাণে কাজ করে যাব।”

মন্ত্রী আরও জানান, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইতোমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও আরও পদক্ষেপ নেওয়া হবে। তিনি যোগ করেন, “স্বাস্থ্যখাতে যেকোনো ধরনের সমস্যা সমাধানের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।”

নামাজের ইমামতি করেন মুফতি আবু বক্কর সিদ্দিকী। নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে ধর্মপ্রাণ মুসল্লিরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে নরসিংদী সদর, পলাশ ও শিবপুরের বিভিন্ন ঈদগাহে বিএনপি নেতৃবৃন্দ ও সংসদ সদস্যরা ঈদের নামাজ আদায় করেন। নরসিংদী জেলার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। এছাড়া জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ