আমেরিকার প্রতি ইরানের মনে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি বলেছেন, ‘প্রতিশ্রুতি রক্ষা’ অর্থবহ আলোচনার ভিত্তি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে বলে মন্তব্য করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
এক্সে দেওয়া পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, ‘‘আমেরিকা সরকারের অতীত আচরণ ও কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ইরানের মনে যে গভীর ঐতিহাসিক অবিশ্বাস রয়েছে, তার পাশাপাশি সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন কর্মকর্তাদের গঠনমূলক নয় এমন এবং স্ববিরোধী অবস্থান একটি তিক্ত বার্তাই বহন করছে। সেটি হচ্ছে, মার্কিনিরা ইরানের আত্মসমর্পণ চায়।’’
তবে পোস্টে তিনি হুঁশিয়ার করে বলেন, ইরানের জনগণ বলপ্রয়োগের কাছে নতি স্বীকার করবে না।
এদিকে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের পথে রয়েছে বলে সোমবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে আমেরিকার কয়েকটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনও আমেরিকাতেই রয়েছেন। তিনি এখনও পাকিস্তানের উদ্দেশে দেশ ত্যাগ করেননি।
আমেরিকার সঙ্গে পাকিস্তানে শান্তি আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি ইরান বিবেচনা করছে বলে রয়টার্সকে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে ওই কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সূত্র: রয়টার্স











