শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শিশির মনির।
বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, “শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।”
এদিকে, ধর্ষণের পর রামিসাকে হত্যার ঘটনায় আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার নিহত রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি সোহেল রানা। এ ছাড়া মামলার বিচার দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সূত্রটি।
ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের কাছে জবানবন্দি রেকর্ড হওয়ার পর আদালত সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রামিসার বাবা আবদুল হান্নান মোল্লার দায়ের করা মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। পরবর্তীতে তাদের গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।











