শ্রম আইন লঙ্ঘনের মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের আবেদনের শুনানি ঈদের ছুটির পর হবে বলে জানিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২১ জুন) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একথা জানিয়েছেন।
এর আগে, সকালে ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন শ্রম আইন লঙ্ঘনের মামলায় গঠন করা অভিযোগ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন।
গত ৬ জুন শ্রম আইন লঙ্ঘনের দায়ে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মধ্যদিয়ে মামলার বিচারকাজ শুরু হয়। ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা ওই আদেশ দেন।
মামলায় অপর তিন বিবাদী হলেন: গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান।
প্রসঙ্গত, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন।
এদিকে, গত ১১ জুন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পাঁচ বছরে প্রায় ১২শ কোটি টাকা কর ফাঁকি ও আয়কর সংক্রান্ত ১৩টি মামলার শুনানি ৩০ জুলাই শুরু করার তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট।










