দীর্ঘদিনের উত্তেজনা ও বৈরিতার পর আমেরিকা ও ইরানের সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স।
তিনি বলেছেন, ভবিষ্যতে দুই দেশ শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার সুযোগ দেখতে পাচ্ছে।
রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের ওবুর্গেনে লেক লুসার্নের তীরে বার্গেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত আমেরিকা-ইরান শান্তি আলোচনায় তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে ভ্যান্স বলেন, গত কয়েক ঘণ্টার আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।
তবে একই সঙ্গে আঞ্চলিক অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেন তিনি। ভ্যান্স বলেন, ইরান দীর্ঘদিন ধরে এ অঞ্চলের অস্থিরতার অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
এরপরও ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, আমেরিকা ও ইরান এখন এমন একটি ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, যেখানে সবাই একসঙ্গে কাজ করে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।
ভ্যান্স আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ইরানের জনগণের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘একটি নতুন অধ্যায় শুরু’ করার আহ্বান জানিয়েছেন।
তার ভাষায়, ওয়াশিংটন অতীতের দ্বন্দ্ব পেছনে ফেলে দুই দেশের জনগণের সম্পর্ককে নতুনভাবে রূপান্তরিত করতে চায়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ইতিবাচক বার্তা দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আঞ্চলিক নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি এবং পারস্পরিক অবিশ্বাসের মতো জটিল ইস্যুগুলো সমাধান না হলে সম্পর্কের স্থায়ী উন্নয়ন কতটা সম্ভব হবে, তা সময়ই বলে দেবে।
সূত্র: আল জাজিরা











