সিঙ্গাপুর বানাতে গিয়ে আওয়ামী লীগ সরকার দেশটা আজ আজিমপুর বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, অনেক উদ্ভট প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে সর্বপ্রথম বলল বাংলাদেশকে সিঙ্গাপুর বানাব। এখন বাংলাদেশটা আজিমপুরে গিয়ে ধাক্কা খাইছে। সুতরাং সিঙ্গাপুর বানাতে গিয়ে দেশটাকে আজিমপুর বানিয়ে ফেলেছে।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
গয়েশ্বর বলেন, দেশের বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পেতে শেখ হাসিনাকে ক্ষমতাকে থেকে নামাতে হবে। যতক্ষণ নিঃশ্বাস আছে তিনি তা করবেন না। পদত্যাগের পাসপোর্ট উঠাতে হবে। এই পাসপোর্ট ওয়ালা কাজটাই এখন আমাদের জরুরি।
তিনি বলেন, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমাদের এই বক্তব্য বোধহয় কেউ আর শুনতে চায় না। সবাই কী দেখতে চায়? অ্যাকশন। যে অ্যাকশন করলে সব পর্যায়ের জনগণ পথে নামবে। সেই আগের কথায় ফিরে যান-অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমি আবারো আপনাদের বলছি, তাড়াও হাসিনা, বাঁচাও দেশ। টেক ব্যাক বাংলাদেশ। এজন্য প্রস্তুতি নিন।
মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে ও দক্ষিনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও উত্তরের গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের সঞ্চালনায় সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মহানগর বিএনপির ইশরাক হোসেন, যুব দলের শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, গোলাম সারোয়ার, শাহাবুদ্দিন মুন্না, ইয়াসীন আলী, ফখরুল ইসলাম রবিন প্রমূখ নেতারা বক্তব্য রাখেন।










