বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ আরেকটি ভুয়া নির্বাচন করার পরিকল্পনা করছে। আর বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করে যাচ্ছে। লড়াই করে যাচ্ছে বলেই আওয়ামী লীগ বিএনপিকে বড় শত্রু মনে করে।
আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করে যাচ্ছে বলেই আওয়ামী লীগ বিএনপিকে বড় শত্রু মনে করে। তারা বড় শত্রু মনে না করলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিন বছর বন্দি করে রেখেছে। দেশনায়ক তারেক রহমানকে নানাভাবে মিথ্যা সাজা দিয়েছে, যে কারণে তিনি দেশে আসতে পারছেন না।
তিনি বলেন, আওয়ামী লীগের একনেতা সেদিন বলেছেন, কেউ যদি আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এটাতো পাড়া মহল্লার সন্ত্রাসীদের কথা, অথচ এই কথা আওয়ামী লীগের বড় বড় নেতাদের মুখ থেকে বের হয়। অর্থাৎ, আওয়ামী লীগে কোনো ভদ্র সুশীল লোক নেই।










