আফগানিস্তানের নূরিস্তান প্রদেশের রাজধানী পারুনে ভয়াবহ আকস্মিক বন্যায় ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন এবং প্রায় ১০০ জন এখনো নিখোঁজ রয়েছেন।
সোমবার (২০ জুলাই) এ বন্যার পর হালনাগাদ প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ করেছে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ প্রস্তুতি কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের উপ-মুখপাত্র তাজ মুহাম্মাদ হেমাত জানিয়েছেন, এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।
কর্মকর্তাদের তথ্যমতে, বন্যায় সাতটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও ২৩টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ৭০টি দোকান, ৪০টি যানবাহন ও ১১টি হোটেল সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির এসব পরিসংখ্যান এখনো প্রাথমিক। উদ্ধার কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলমান থাকায় সংখ্যাগুলো পরিবর্তিত হতে পারে।
জরুরি উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে সহায়তা পৌঁছে দিতে কাজ করছে।
সূত্র: আরিয়ানা নিউজ










