ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল (খুলনার পীর) বলেছেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলশ্রুতিতে ক্রমেই যুবসমাজ অনৈতিক কর্মকান্ডে ধাবিত হচ্ছে। লাগামহীন ক্ষমতার প্রভাবে সরকারের ছত্রছায়ায় যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত।
শনিবার (২১ আগস্ট) ইসলামী যুব আন্দোলন খুলনা অঞ্চলের ১২টি জেলার প্রতিনিধিদের নিয়ে খুলনাস্থ মাওলানা ফজলুল করীম রহ. ফাউন্ডেশন অডিটরিয়ামে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের যে কোন বড় ধরণের পরিবর্তনে যুব সমাজের ভূমিকা অগ্রগামী। যুব সমাজ যদি চারিত্রিকভাবে ভাল হয়ে যায় তাহলে সমাজের বিদ্যমান অনাচার অবিচারের মূলোৎপাটন হওয়া সময়ের ব্যাপার মাত্র।
তিনি আরও বলেন, যুবসমাজকে চারিত্রিকভাবে যোগ্য, দক্ষ ও আল্লাহভীরু হিসেবে গড়ে তুলতে ইসলামী আন্দোলন কাজ করছে।
খুলনা মহানগর সভাপতি আবুল কাশেম-এর সভাপতিত্বে অনুৃষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমাদ সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী আব্দুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন।











