spot_img

আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান ক্ষমতাসীনরা বিগত ১৩ বছরে দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের আগের রাতে ডাকাতি করে ক্ষমতায় গিয়ে তারা নির্বাচন ব্যবস্থার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। বিরোধী দল অনুপস্থিত থাকার পরও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের ক্যাডাররা অস্ত্রের মহড়া দিচ্ছে। নিজেদের মধ্যে সংঘর্ষে মানুষ হত্যা করছে। এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ারের পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, স্থানীয় সরকারের সবচেয়ে নিম্নস্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজন নিহত, অর্ধশতাধিক গুলিবিদ্ধ এবং শতাধিক আহত হয়েছে। এ ঘটনাই সেটি প্রমাণ করে। নির্বাচনে বিরোধী দল না থাকার পরও সরকারি দল নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে দেশের কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নিজ দায়িত্ব পালন করতে পারবে না। সুতরাং নির্বাচন কমিশন সংস্কার করলেই সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। অবৈধ ক্ষমতাসীনদের এখনই পদত্যাগ করতে হবে। একটি নিরপেক্ষ সরকারের কাছে তাদের ক্ষমতা হস্তান্তর করতে হবে। অন্যথায় দেশের জনগণ হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে জেগে উঠলে সেই স্রোতে ভেসে যাবে বর্তমান সরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ