লক্ষ্মীপুরে জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ দুপুর ২টায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা যুবলীগের বর্ধিত সভায় যুবলীগের কেন্দ্রীয় নেতাদের স্বাগত ও নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে অবস্থান নেন যুবলীগের বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা রোড এলাকায় জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহউদ্দিন টিপুর সমর্থকরা ব্যানার ফেস্টুন নিয়ে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে স্লোগান দেয়। এসময় সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবরের সমর্থকরা একই এলাকায় পাল্টা মিছিল শুরু করে। এক পর্যায়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, সৈয়দ নুরুল আজিম বাবর, আবুল কাশেম, তারেক হোসেন, জামাল উদ্দিন, খোরশেদ আলম, সৌরভ হোসেন, মামুনুর রশিদ ও মো. সবুজসহ অন্তত ১৫ জন আহত হয়।
এ হামলার জন্য জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহউদ্দিন টিপুকে দায়ী করেছেন সৈয়দ নুরুল আজিম বাবর। তবে সালাহউদ্দিন টিপু বলেন, শান্তিপূর্ণ জেলা যুবলীগের বর্ধিত সভাকে ব্যাঘাত ঘটনার লক্ষ্যে আমার ও নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। এসময় আমার ব্যবহৃত গাড়ি ভাংচুরসহ ১০ নেতাকর্মী আহত হয়েছে। বাবরের নেতৃত্বে বহিরাগতরা এ হামলার ঘটনা ঘটায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মাদ জসিম উদ্দিন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।











