আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের মতো মাঠ দখল নয়, মানুষের মন দখল করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত মাঠ দখলের মহড়া দিচ্ছে, এটা অশুভ ইঙ্গিত। তবে আমরা মাঠ দখলের রাজনীতি করি না। মানুষের মন দখল করব।
বুধবার (২১ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মন্ত্রী এম এ মান্নানের ১৩তম মৃত্যুবার্ষিকী উলেক্ষে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বপন বলেন, কোনো অপশক্তিকে ছাড় দেওয়া হবে না। আমরা সংঘাত নয় সহনশীলতার চর্চা করি। তার মানে এই নয় যে, অযৌক্তিক দাবি দাওয়ার নামে নাশকতা ও অপরাজনীতিকে জনগণ অনুমোদন দেবে। সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনগণই তাদের প্রতিরোধ করবে।











