spot_img

সাবেক রাষ্ট্রপতির লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে কথা বলার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন, এমন কোনো তথ্য বা প্রমাণ সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিন ফোনে কথা বলেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি পত্রিকায় দেখেছেন। কী তথ্যপ্রমাণের ভিত্তিতে কোনো পত্রিকা এমন সংবাদ প্রকাশ করেছে, তা সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া প্রয়োজন। সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

তিনি বলেন, ‘ইন্টারনেটের এই যুগে কথা বলতে চাইলে লন্ডনে যেতে হয় না। এখান থেকেই কথা বলা যায়।’

বিরোধীপক্ষ মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিরোধীপক্ষকে জিজ্ঞাসা করেন, কেন তারা রাষ্ট্রপতির গ্রেপ্তার চায়। এখন রাষ্ট্রপতির বিরুদ্ধে যাঁরা গালি দিচ্ছেন, সেই অধিকার তাঁদের আছে।’

গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে মানুষের কথা বলা ও প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের পুরো সময় এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়ে তিনি বিধিবিধান ও সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। আমরা রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুসারে রাষ্ট্রপতি বিশেষ সুবিধাপ্রাপ্ত এবং তাঁর দায়মুক্তি রয়েছে। ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করা যায় না।

তিনি বলেন, ‘এর বাইরে যদি কেউ বক্তব্য দিয়ে থাকেন, সেই স্বাধীনতা তাঁদের আছে। বক্তব্য দিতে পারেন। কিন্তু আমলে নেওয়ার মতো কিছু দেখি না।’

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই সময় তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সেটা সেই সময়কার বিষয়। আইন অনুসারে তা চলবে।’

মো. সাহাবুদ্দিনের সুযোগ-সুবিধার বিষয়ে তিনি বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুসারে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, সেগুলো তিনি পাবেন। তাঁর সুরক্ষার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টসহ অন্যান্য সুবিধা ছয় মাসের জন্য থাকবে। পুলিশসহ অন্যান্য নিরাপত্তাসুবিধাও তিনি পাবেন।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ