সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আল-এইস এলাকায় একটি সেনা স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণের পর একের পর এক বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পোর দক্ষিণাঞ্চলের আল-এইস এলাকায় এ বিস্ফোরণ ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, সেখানে একটি সিরীয় সেনা স্থাপনায় প্রথমে বিস্ফোরণ ঘটে। এর পরপরই একাধিক বিস্ফোরণ ঘটে। ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ।
আলেপ্পোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগের অপারেশন প্রধান ফয়সাল মুহাম্মাদ আলী রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়াকে বলেন, এলাকায় এখনো ধারাবাহিকভাবে বিস্ফোরণ ঘটছে। এ কারণে জরুরি উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছাতে বাধার মুখে পড়ছে। তিনি সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার সতর্কতা দেন।
আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা এএফপিকে জানান, তিনি একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপর ছাদে উঠে দূরে বড় ধরনের আগুনের শিখা দেখতে পান।
আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব বাসিন্দাদের আপাতত বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সানার বরাতে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিস্ফোরণের স্থানটির দিকে যাওয়া সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোর প্রদেশের একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত কারণে বিস্ফোরণে ১১ জন নিহত হন।
চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। এরও এক সপ্তাহের কিছু বেশি সময় আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হলে পাঁচজন নিহত হন।
সূত্র : এএফপি, আল জাজিরা, আনাদোলু











