ইয়েমেনের মারিব প্রদেশে সরকারি বাহিনী ও ইরান সমর্থিত হুথি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। একই সময়ে হুথিদের নয়টি সামরিক যান ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ইয়েমেনি সেনাবাহিনীর সামরিক মিডিয়া বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল-হাতেমি আরব নিউজকে এসব তথ্য জানান।
ইয়াহিয়া আল-হাতেমির বলেন, শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা মারিব শহরের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, সরকারি বাহিনীর পাল্টা হামলায় ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে বেশ কিছু হুথি যোদ্ধা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেও দাবি করেন তিনি।
তিনি আরও দাবি করেন, সংঘর্ষে হুথিদের নয়টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সরকারি বাহিনীর বিমান ও ড্রোনের সহায়তায় হুথিদের বিভিন্ন অবস্থান, যোদ্ধাদের সমাবেশ ও সামরিক শক্তিবৃদ্ধির ওপরও হামলা চালানো হয়।
তবে হুথিদের পক্ষ থেকে এ সংঘর্ষে ৮০ জনের বেশি নিহত হওয়ার দাবি বা সামরিক যান ধ্বংসের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। আরব নিউজের প্রতিবেদনে হতাহতের সংখ্যাটি ইয়েমেনি সেনাবাহিনীর দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে।
সূত্র : আরব নিউজ











