spot_img
spot_img

হরমুজে মার্কিন এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় নতুন উন্নত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি এ দাবি করে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর মার্কিন ড্রোনটি শনাক্ত করার পর আইআরজিসির নতুন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেটি ধ্বংস করা হয়।

আইআরজিসি দাবি করেছে, এমকিউ-৯ ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে আমেরিকা কয়েক বছর আগে অবসর নেওয়া এমকিউ-১ ড্রোন আবার ব্যবহার শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘বিস্ট অব কান্দাহার’ নামে পরিচিত এমকিউ-১ ড্রোনটি আফগানিস্তানে প্রায় ২০ হাজার ঘণ্টা উড়েছে। কয়েক বছর আগে মার্কিন নৌ ও বিমানবাহিনীর বহর থেকে ড্রোনটি সরিয়ে নেওয়া হয় এবং এর পরিবর্তে এমকিউ-৯ ড্রোন ব্যবহার শুরু করা হয়।

আইআরজিসির দাবি, বিপুলসংখ্যক এমকিউ-৯ ড্রোন ধ্বংস হওয়ার পর আমেরিকা আবার এমকিউ-১ ব্যবহার করতে বাধ্য হয়েছে। তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উভয় ধরনের ড্রোনকেই ব্যাপকভাবে প্রতিহত করছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

তবে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এমকিউ-১ ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে ড্রোনটি ধ্বংস হওয়ার দাবিটি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

সূত্র : মেহের নিউজ, আনাদোলু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ