বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ দেশে কোনো সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ ছিল না। জনগণের মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি করেছে তারা। এই আওয়ামী লীগ হচ্ছে বিভেদ সৃষ্টির কারখানা। আগে তো কোনো সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনিনি। আপনাদের আমলে তা শুনছি। কেন আপনাদের আমলে নিজেদের সেকুলার দাবি করেন? আর আপনাদের সময়ে এই সাম্প্রদায়িক ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলে দেশে রক্তপাত সৃষ্টি করেছেন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মৎসজীবী দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুআ মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ বলছে, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় যেসব ঘটনা ঘটেছে সেই ঘটনার সঙ্গে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল জড়িত। আমার প্রশ্ন হলো আপনারা কেন এ ধরনের কথা বলছেন? আপনারা যখনই এ ধরনের কথা বলেন তখনই জনগণের মনে আরও সন্দেহ সৃষ্টি হয় যে আপনারাই ঘটনা ঘটিয়েছেন।
তিনি বলেন, সরকার অত্যাচার দুর্নীতি ঢেকে রাখার জন্যই খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। তাদের এসব দুর্নীতির বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে, সেজন্য বেগম খালেদা জিয়া বন্দি। বিএনপি নেতাকর্মীদের নামে লাখ লাখ মামলা। তারা জনগণের কাছে দায়বদ্ধ নয়। তাদের ইলেকশন করতে হয় না। জনগণের কাছে যেতে হয় না।











