বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্তরে সবসময়ই পেয়ারে পাকিস্তান ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, খালেদা জিয়ার অন্তরে সবসময়ই ছিল পেয়ারে পাকিস্তান। সে তো সবসময় পেয়ারে পাকিস্তান নিয়েই থাকতো। এটা হলো বাস্তব কথা।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) কুমিল্লা আওয়ামী লীগ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে সরকারি নিজ বাস ভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সবসময় এ রকম একটা ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়। অথচ বাংলাদেশটা এগিয়ে যাচ্ছে। আমরা মুজিববর্ষ উদযাপন করছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। এই সময়েই আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। সেই মর্যাদাটা রক্ষা করে আমাদের উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, কুমিল্লার এই ঘটনার পরে পীরগঞ্জসহ বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটেছে। যাদের ঘরবাড়ি পুড়িয়েছে, সঙ্গে সঙ্গে তাঁবু করে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। প্রথমে শুকনো খাবারের ব্যবস্থা এবং পরে রান্না করা খাবারের ব্যবস্থা করেছি। তাদের কাপড় ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
শেখ হাসিনা বলেন, যাদের এ ধরনের ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত সবাইকে ঘরবাড়ি তৈরি করে দেবো। ইতোমধ্যে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। যেখানেই মানুষের ওপর এ ধরনের নির্যাতন হয়, আওয়ামী লীগ পাশে থাকে। প্রাকৃতিক দুর্যোগের সময়ও পাশে থাকে।
তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্টের পরে যারা দেশের ক্ষমতায় এসেছিল, তারা মানুষের জন্য কিছু করেনি, মানুষকে দেয়নি। তারা নিজেদের আখের গুছিয়েছে। কিন্তু আওয়ামী লীগ গণমানুষের সংগঠন। আওয়ামী লীগ এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেই। দেশের মানুষকে উন্নত জীবন দেবে, মৌলিক চাহিদা পূরণ করবে। যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন।











