ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক নিষ্পাপ শিশুদের হত্যার প্রতিবাদে শিশু সমাবেশ করেছে জাতীয় শিশু কিশোর সংগঠন অংকুর।
আজ শনিবার (২১ অক্টোবর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অংকুর পরিচালক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শাহ্ শিহাব উদ্দিনের পরিচালনায় এতে অংশ নেয় অংকুরের শিশু কিশোর সদস্যরা।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনে নিষ্পাপ শিশুদের উপর ইজরাইলী হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই হামলা বন্ধের দাবী জানান।
যুদ্ধনীতি উপেক্ষা করে ইসরাইলের চালানো এই হামলা বন্ধে জাতিসংঘ, ওআইসি, ইউনিসেফ সহ মানবাধিকার সংগঠন গুলোকে জোর ভূমিকা রাখার আহ্বান জানান পরিচালক কাজী আরিফুর রহমান।
নির্বাহী পরিচালক শাহ্ শিহাব উদ্দিন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘে শান্তরক্ষী বাহিনী প্রেরণের মাধ্যমে সারাবিশ্বে প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশ সরকারের কাছে তিনি ফিলিস্তিনি শিশুদের জীবন রক্ষা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য প্রেরণের অনুরোধ জানান। একইসাথে প্রায় ৭৫ বছর ধরে ফিলিস্তিনী জনগণের উপর চলতে থাকা নিপীড়ন বন্ধে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবীতে আন্তর্জাতিক কূটনীতি আরো জোরদারের আহ্বান জানানো হয় এই শিশু সমাবেশ থেকে।
ঢাকার বিভিন্ন আসর থেকে অংকুর সদস্যরা সমাবেশে যোগ দেন। এতে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন অংকুর সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ মিয়া, কে. এম. ইমরান হোসাইন, পরিচালনা পরিষদ সদস্য জিয়া উদ্দিন খন্দকার, আবু সালেহ, শহিদুল ইসলাম সামী, নূর মোহাম্মদ, আম্মার আল ফারাহ, মুশফিক প্রমুখ।










