সামাজিক বনায়নের মাধ্যমে দেশে কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমির লক্ষ্যমাত্রা অর্জন করা হবে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুহাম্মাদ শাহাব উদ্দিন।
শনিবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল জাতের ধান বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি দেশের এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, যেখানে বাংলাদেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমি আছে মোট ভূমির ২২ দশমিক ৩৭ শতাংশ। পতিত জমিতে, সাগরে জেগে ওঠা নতুন চর ও উপকূলীয় এলাকায় বনায়ন করে লক্ষ্যমাত্রার অবশিষ্টাংশ পূরণ করা হবে।
পরিবেশমন্ত্রী বলেন, শুধু সরকারের একার পক্ষে কাঙ্ক্ষিত পরিমাণ বনভূমি সৃজন কষ্টসাধ্য বিধায় জনসাধারণকে এগিয়ে আসতে হবে। বাড়ির আনাচে-কানাচে, খোলা জায়গায়, পতিত জমিতে বেশি করে গাছ লাগাতে হবে।










