প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার পরিণতি হবে প্রত্যর্পণ ও আত্মসমর্পণ। সন্ত্রাস ও খুনের রাজনীতি থেকে সরে এসে ১৭ বছর ধরে চলা ফ্যাসিবাদের সত্য স্বীকার এবং বিচারের মুখোমুখি হওয়া ছাড়া পুনর্মিলনের (রিকনসিলিয়েশন) আলোচনা অসম্ভব বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি বলেন, সন্ত্রাস ও খুনের রাজনীতি চালিয়ে গেলে দেশের অস্থিতিশীলতা, শিল্প-বাণিজ্য ধ্বংস এবং জীবন ও সম্পদের ক্ষতির জন্য আওয়ামী লীগ ও তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্র দায়ী থাকবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, চলমান আন্তঃসীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে সরকার ও জনগণকে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট পুনর্মিলনের কথা তুলেছিলেন উল্লেখ করে তিনি বলেন, হয়তো জুলাইয়ের সংগঠকদের মধ্যে তিনিই প্রথম এ কথা বলেছিলেন। তবে আওয়ামী লীগের অস্থিমজ্জায় সন্ত্রাস রয়েছে এবং তাদের বিন্দুমাত্র অনুশোচনা কিংবা আত্মপর্যালোচনা নেই।










