চা খাওয়ার মধ্য দিয়ে দেশে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আলোচনার দ্বার উন্মুক্ত হয়েছে। তবে জুলাই সনদ, গণভোট ও মৌলিক সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরিয়ানি খেলেও সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, চলমান সংকট আরও ঘনীভূত হলে জাতিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে থাকতে হবে। বিশেষ করে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর মডেল কলেজে ছাত্রশিবিরের সাবেক সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দেশের চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার চা খাওয়া প্রসঙ্গে শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে। কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে কোনো কোনো ক্ষেত্রে আবার এক হয়ে কাজ করতে হবে। চলমান সংকট আরও ঘনীভূত হলে জাতিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে থাকতে হবে। বিশেষ করে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার চা খাওয়ার মধ্য দিয়ে এই ঐক্যের আলোচনা শুরু হয়েছে। পরবর্তী সময়ে এ নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় গণভোট, জুলাই সনদ, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং দলটির সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের ও গণহত্যায় জড়িতদের বিচারসহ গণঅভ্যুত্থানের মূল প্রতিপাদ্য মৌলিক সংস্কারের বিষয়গুলো আসতে হবে।
তিনি আরও বলেন, এই চারটি মৌলিক বিষয়ে সমাধান না হওয়া পর্যন্ত শুধু চা খাওয়া নয়, বিরিয়ানি খেয়েও সমস্যার সমাধান হবে না।
দেশের চলমান পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, রাষ্ট্র আছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর আইন ও শৃঙ্খলা কার্যকর করার জায়গাটি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তারা ব্যর্থ হয়েছে, এটা ঠিক। একটি জেলার এ দেশেরই অংশ। সেখানে দুইটি থানাকে নিষ্ক্রিয় করে পুলিশ চলে এসেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা পালন করা প্রয়োজন ছিল, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।











