বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আমরা অনুরোধ করবো, এ ধরনের মিথ্যাচার-বিভ্রান্তি বন্ধ করে আপনারা রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিন। আপনাদের মতামত সেখানে পেশ করুন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে অবশ্যই সেটা রাষ্ট্রপতি বিবেচনা করতে পারেন। সে পরামর্শ আপনারা দিন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংস্কৃতিক সংগঠন বাংলার মুখ এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, নির্বাচন কমিশন গঠনে যে গণতান্ত্রিক পদ্ধতি, যেটা সবচেয়ে উত্তম পদ্ধতি সেটা অনুসরণ করেই আমাদের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন রাষ্ট্রপতি। তাদের মতামতে সার্চ কমিটি গঠন এবং তাদের দেওয়া নাম যাচাই-বাছাই করেই নির্বাচন কমিটি গঠন করা হবে। এটাই হলো গণতান্ত্রিক ও সবচেয়ে উত্তম পন্থা। সেটাকে নিয়েও বিএনপি আজকে সমালোচনা করছে।
তিনি বলেন, তারা বলছে, এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না। এটা প্রশাসনের নাটক। এ রকম নানা অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আমরা প্রশ্ন রাখতে চাই, আপনারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তখন আপনারা কেন নির্বাচন কমিশন গঠনে আইন করেননি? এখন কেন আপনারা দাবি করছেন?










