spot_img
spot_img

দিল্লীর লালকেল্লার মালিকানা দাবি করে আদালতের দ্বারস্থ মুঘল সম্রাটের উত্তরসূরি

দিল্লীর ঐতিহাসিক লালকেল্লার মালিকানা দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের প্রপৌত্রের স্ত্রী সুলতানা বেগম।

আদালতে তিনি জানান, বেআইনিভাবে লালকেল্লার দখল নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যা পরবর্তীতে ভারত সরকারের অধীনে চলে যায়।

আদালতকে তিনি জানিয়েছেন, মুঘল সম্রাটের উত্তরসূরীর স্ত্রী হওয়ার দরুন, তার ওই সম্পত্তির উপর অধিকার রয়েছে।

যদিও ওই মামলাকে বৈধতা দেয়নি দিল্লির হাইকোর্ট। মহিলার যাবতীয় দাবি খারিজ করে দিয়েছেন বিচারপতি রেখা পল্লি। তিনি জানান, ১৫০ বছর আগের ঘটনা নিয়ে এভাবে আইনি মামলা করা যায় না।

এদিকে অভিযোগকারিণী সুলতানা বেগম জানিয়েছেন, তিনি দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের উত্তরসূরী মহম্মদ বেদার বাখতের স্ত্রী। তার স্বামী ১৯৮০ সালের ২২ মে মারা যান।

তিনি জানান, ব্রিটিশ রাজ চলাকালীন লালকেল্লা জবরদখল করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, ‘ইতিহাস সম্পর্কে খুব বেশি জ্ঞান নেই আমার। কিন্তু, আপনি দাবি করছেন, ১৮৫৭ সালে আপনাদের পরিবারের সঙ্গে অন্যায় হয়েছিল। তাহলে ১৫০ বছর পর প্রতিবাদ জানানোর অর্থ কী? এত বছর ধরে আপনি কী করছিলেন?’

সুলতানা বেগম ওই মামলা দায়ের করেছিলেন আইনজীবী বিবেক মোরের মাধ্যমে।

আইনজীবী জানান, মুঘল সম্রাটের পরিবারকে লাঞ্ছিত করেছে ব্রিটিশরা। ১৮৫৭ সালে প্রথমবার যখন স্বাধীনতার জন্য যুদ্ধ হল, সে সময় দ্বিতীয় বাহাদুর শাহ ক্ষমতাচ্যুত হন এবং তাকে দিল্লি থেকে নির্বাসিত করা হয়। ওই সময়েই লালকেল্লার দখল নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

সূত্র: টিওআই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ