ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে প্রশিক্ষণ মিশন শেষে ফেরার সময় বিমান বাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় সদস্যকে খুঁজতে উদ্ধার অভিযান চলছে।
বুধবার (২১ অক্টোবর) ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিমানটিতে দুই সদস্যের ক্রু ছিলেন। তাদের একজন যুদ্ধবিমান চালক এবং অন্যজন অস্ত্র ব্যবস্থাপনা কর্মকর্তা। দুর্ঘটনার পর একজনের মরদেহ উদ্ধার করা হলেও তার পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি। দ্বিতীয় সদস্যকে খুঁজতে অভিযান অব্যাহত রয়েছে।
দুর্ঘটনাস্থল রোজেভিল, দোমেভ্র-অঁ-হে ও ত্রঁবলেকুর গ্রামের মধ্যবর্তী এলাকায়। মরদেহ ও বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারে পুলিশ, দমকল বাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল কাজ করছে। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও সংকট সমন্বয় কেন্দ্র চালু করা হয়েছে এবং ড্রোনের মাধ্যমে ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। এর কারণ ও পরিস্থিতি নির্ধারণে নিরাপত্তা ও বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ।
সূত্র: ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়,আনাদোলু এজেন্সি










