দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতিমুক্ত না হলে দুর্নীতি বন্ধের উদ্যোগ ব্যর্থ হবে।
বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো, যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের আগে দুর্নীতিমুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।
এ সময় উপস্থিত শিক্ষকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে সামলানো শিক্ষকদের জন্য কঠিন হয়ে উঠছে এবং এ পথ দিন দিন আরও কঠিন হচ্ছে। এ প্রজন্ম দিন দিন মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাদের মাদক থেকে সরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের জন্য নতুন করে ভাবতে হবে এবং শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।
মন্ত্রী আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে টাকা-পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেওয়া হবে না। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে অনেকেই দুর্ব্যবহার করছেন, এটা সহ্য করা হবে না। আবার প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সঙ্গে জড়িত হবেন, সেটাও সহনীয় নয়।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











