আওয়ামী লীগে কাউয়াদের আর স্থান হবে না বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে তৃণমূলে ইউনিট কমিটির মাধ্যমে আমরা আবারও ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের দূর্গ গড়ে তুলব। কমিটিতে হাইব্রিড ও কাউয়াদের আর স্থান হবেনা। কারণ তারা যদি আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে পারে তাহলে দলের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে ডেমরার শুকুরশী ঈদগাহ মাঠে আওয়ামী লীগের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ মানবতার ফেরিওয়ালা হিসেবে কাজ করছে।
মতিয়া চৌধুরী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।










