ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রে নৌকায় অন্তত ১০০ রোহিঙ্গা আটকে পড়েছে। ক্ষুধা-তৃষ্ণা ও ডুবে তাদের মধ্যে অন্তত ২০ জন মারা গেছে।
বুধবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়, ৫ ভারতীয় জাহাজ গত রাতে নৌকাটির দিকে গিয়েছে। তবে ভারতীয় কোস্ট গার্ডের মুখপাত্র এ বিষয়ে কোনও কথা বলতে রাজি হননি।
মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া বলেন, আমাদের হিসাবে অন্তত ২০ রোহিঙ্গা মারা গেছে। তাদের অনেকে ক্ষুধা-তৃষ্ণা ও সাগরে ঝাঁপ দিয়ে মারা গেছে।
রোহিঙ্গা মুসলিমদের নিয়ে নৌকাটি ২ সপ্তাহের বেশি সময় ধরে সাগরে ভাসছে উল্লেখ করে এশিয়া প্যাসিফিক রিফুজি রাইটস নেটওয়ার্কের রোহিঙ্গা ওয়ার্কিং গ্রুপ জানায়, গত রাতে শুনেছি, কয়েকটি ভারতীয় জাহাজ নৌকাটির দিকে যাচ্ছে।
২০১৮ সালে প্রায় ৮ লাখ রোহিঙ্গা নিজ দেশ মিয়ানমারের নির্যাতিত হয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেন। সেসময় রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও তাদের বাড়ি-ঘরে আগুন দেওয়ার ছবি বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়।











