spot_img

ইসরাইলের পরমাণু শহর ডিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা; আহত শতাধিক

ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ডিমোনা ও কাছের আরাদ শহরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবারের এ হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন এবং আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শনিবার (২১ মার্চ) আল জাজিরা জানায়, ডিমোনা ও আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আরাদে আহত হয়েছেন অন্তত ৮৮ জন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। ডিমোনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। তাদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশুর অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে।

হামলায় আরাদের কেন্দ্রীয় এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ডিমোনাতেও কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে বলে জানায় আল জাজিরা। ডিমোনা ইসরায়েলের প্রধান পরমাণু স্থাপনার শহর হিসেবে পরিচিত।

ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে, হামলার সময় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলেও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়নি। দমকল বিভাগ জানিয়েছে, ডিমোনা ও আরাদে নিক্ষিপ্ত অন্তত দুটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এসব ক্ষেপণাস্ত্রে শত শত কেজি ওজনের ওয়ারহেড ছিল।

ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন এ হামলাকে নাতাঞ্জে চালানো হামলার জবাব হিসেবে তুলে ধরেছে। একই দিন আল জাজিরা জানায়, আমেরিকা ও ইসরাইল নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে বলে ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে। তবে সেখানে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ