জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমীর সাঈদ ইরাভানি জানিয়েছেন, আমেরিকা যদি তেহরানের ওপর থেকে সব ধরনের অবরোধ তুলে নেয়, তবে ইরান পরবর্তী দফার আলোচনায় বসতে আগ্রহী।
বুধবার (২২ এপ্রিল) ইরানের সংবাদমাধ্যম শার্গকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই শর্তটি উল্লেখ করেন।
ইরাভানি বলেন, যে কোনো নতুন সংলাপে বসার পূর্বশর্ত হিসেবে আমেরিকাকে অবশ্যই তাদের বর্তমান বৈরী আচরণ এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের মতো কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
রাষ্ট্রদূত আরও ইঙ্গিত দিয়েছেন, আমেরিকা যদি ইতিবাচক সাড়া দেয় এবং অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করে, তবে পরবর্তী উচ্চপর্যায়ের বৈঠকটি পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হতে পারে। এই আলোচনার মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের একটি সম্ভাবনা তৈরি হতে পারে বলে তিনি ধারণা প্রকাশ করেন।
তবে ইরান তার জাতীয় স্বার্থের বিষয়ে কোনো আপস করবে না বলেও তিনি জানান।
ইরানের অবস্থান পরিষ্কার করে রাষ্ট্রদূত বলেন, ইরান কখনোই কোনো সামরিক আগ্রাসনের সূচনাকারী হতে চায় না। তারা সবসময় রাজনৈতিক সমাধানের পক্ষে। তবে কেউ যদি যুদ্ধের পথ বেছে নেয়, তবে ইরানও তার জন্য পুরোপুরি প্রস্তুত। বর্তমানে মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে ইরান যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের সক্ষমতা এবং প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রেখেছে বলেও তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন।











