ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যারা যাবেন বা ঢাকা ছাড়বেন তাদের মূল্যবান সবকিছু খালি বাসায় না রেখে সঙ্গে নিতে কিংবা নিরাপদ কোনো স্থানে রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বৃহস্পতিবার (২২ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রতিটি বাসায় যারা পাহারার দায়িত্বে থাকেন, তাদের নম্বর পুলিশ নিয়ে আসবে এবং পুলিশের নম্বর তাদের দিয়ে আসা হবে। সিসিটিভি ক্যামেরাগুলো সচল আছে কি না, তা চেক করা হবে। আমাদের কমান্ড কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, কোনো অবস্থায়ই যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সে ব্যাপারে গণপরিবহনের মালিকদের পাশাপাশি পুলিশ মনিটর করবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ডিএমপির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রতিটা টার্মিনালে পুলিশ ক্যাম্প থাকবে, মালিক সমিতির স্বেচ্ছাসেবক থাকবেন। ওয়াচ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সবকিছু পর্যবেক্ষণ (মনিটর) করে যাত্রী ও যানবাহনের সার্বিক নিরাপত্তা বিধান এবং যানজট নিরসনে কাজ করবে পুলিশ।










