spot_img
spot_img

জাতিসংঘে ভাষণ দিতে চায় আফগান সরকার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ করার জন্য এই বিশ্ব সংস্থাকে চিঠি দিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান।

চিঠিতে তালেবান বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভাষণ দিতে চান।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক নিউ ইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানান।

চিঠিতে জাতিসংঘে নিযুক্ত গনি সরকারের স্থায়ী প্রতিনিধি গোলাম ইসাকজাইকে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এতে তালেবান আরো বলেছে, গত ১৫ আগস্ট সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পতন হয়েছে এবং বিশ্ব এখন আর তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না।

তালেবানের এ চিঠি নিয়ে জাতিসংঘ মহাসচিবের দপ্তরে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফারহান হক। তিনি বলেছেন, তালেবানের চিঠিটি সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের বাছাই কমিটিতে পাঠানো হয়েছে।

তালেবানের পক্ষ থেকে আমির খান মুত্তাকি ওই চিঠিতে সই করেছেন এবং এতে মোহাম্মাদ সুহাইল শাহিনকে জাতিসংঘে আফগানিস্তানের স্থায়ী প্রতিনিধি করার প্রস্তাব দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ