বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এই সময়ে বাংলাদেশের উত্তরাঞ্চল প্লাবিত হয়ে গেছে। ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে। কই আপনি তো (শেখ হাসিনা) এই ব্যাপারে কোনো প্রতিবাদ করেননি। বাংলাদেশের উত্তরাঞ্চল আজ প্লাবিত। নীলফামারী তলিয়ে যাচ্ছে। কুড়িগ্রাম, রংপুরসহ নিম্নাঞ্চল এখন প্লাবিত। এটা আপনার নতজানু নীতির কারণেই হচ্ছে। আজকে বাংলাদেশের সরকার সাহস করে কিছু বলতে পারছে না বলেই বাংলাদেশের ওপর যার যা ইচ্ছে তাই করছেন।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার পদবঞ্চিত নেতাকর্মীদের আয়োজনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আজকে জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুস্পষ্ট বাংলাদেশের যত সাম্প্রদায়িক হানাহানি হয়েছে তার সাথে আওয়ামী লীগ সরকার জড়িত। এটা অত্যন্ত পরিকল্পিত, এটা কৃত্রিম। তারা তাদের ষড়যন্ত্রের নীল নকশার মাধ্যমে এ কাজটি করছেন। কারণ তাদের ব্যর্থতা এতই বেশি সেই ব্যর্থতা তাদের আড়াল করতে হয়। সেই ব্যর্থতা আড়াল করার জন্যই তারা এই কাজগুলো করছেন।
তিনি বলেন, সাম্প্রদায়িক হামলার ঘটনা এখন আস্তে আস্তে গর্তের মধ্য থেকে বিষাক্ত সাপের মতো বেরিয়ে আসছে। হাজীগঞ্জে যাদেরকে সংঘাত করতে দেখা গেছে তারা সকলেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।












