দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন, এ সহিংসতায় আমরা বিএনপি বা আওয়ামী লীগকে দোষী করতে চাই না। এসব হামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।
শুক্রবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র, যুব ও শ্রমিক পরিষদ আয়োজিত তিস্তা ব্যারেজ খুলে দিয়ে কৃত্রিম বন্যার সৃষ্টি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার অভিযোগে যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান।
নুরুল হক নুর বলেন, চট্টগ্রামের পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের অভিযোগে আমাদের যে দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজের মাধ্যমে যেভাবে ইকবালকে শনাক্ত করা হয়েছে সেভাবে আমাদের চট্টগ্রামের দুই নেতার সিসিটিভি ফুটেজও বের করা হোক। মিছিলের ছবি দিয়ে হামলাকারী চিহ্নিত করা যায় না। এটি রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড।











