মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

আওয়ামী লীগের লুটেরা ধনী থেকে আরও ধনী হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্যের দাম বাড়লেও মানুষের আয় কিন্তু বাড়েনি। গরিব মানুষ আরও গরিব হয়েছে, আওয়ামী লীগের লুটেরা যারা, তারা ধনী থেকে আরও ধনী হয়েছে। দুর্নীতি এমন একটা অবস্থায় পৌঁছেছে যা এখন দেশের সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। যেখানে যাবেন দুর্নীতি, ছাত্র ভর্তি থেকে শুরু করে হাসপাতাল বা বিচারালয় সবখানেই দুর্নীতি। আজ দুর্নীতি পুরো সমাজকে নষ্ট করে ফেলেছে।

শুক্রবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মানুষ সীমাহীন কষ্টের মধ্যে জীবন পার করছে। আওয়ামী লীগ সরকার ১০ টাকা কেজি চাল খাওয়াবে বলেছিল, আজ সেই চালের কেজি ৭০ টাকা। লবণ-চিনির দাম বেড়েছে। পেঁয়াজ-মরিচসহ এমন একটা জিনিস নেই যার দাম বাড়েনি।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালের পরে ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যখন ক্ষমতা পেয়েছিলেন তখন তিনি বহুদলীয় গণতন্ত্রের একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন এবং সংবিধানে সেটা সংযোজন করেছিলেন। আমাদের দুর্ভাগ্য- স্বাধীনতার ৫০ বছর পরে বহুদলীয় গণতন্ত্র আজ নষ্টের পথে। বর্তমানে একটা গণতন্ত্রের মোড়ক লাগিয়ে একদলীয় শাসন কায়েম করার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দুঃখের জায়গা- আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছি। কিন্তু গণতন্ত্রের মূল স্তম্ভগুলো আমরা শক্তিশালী করতে পারিনি। আজ এই ফ্যাসিস্ট সরকার, যাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যারা বিনা নির্বাচনে বন্ধুক দিয়ে রাষ্ট্রযন্ত্র দখল করে রেখেছে। এটা আমাদের চরম ব্যর্থতা। আমরা এখনও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে পারিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের এই পলিটিকাল সিস্টেমের পরিবর্তন করতে হবে, এটাকে গণতন্ত্রের দিকে ফিরিয়ে আনতে হবে। ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াই সহজ কাজ নয়। পৃথিবীতে এমন শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে, সম্পত্তির ক্ষয় হয়েছে। মানুষ তার নিরাপত্তা থেকে বঞ্চিত হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ