spot_img
spot_img

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে: মাহমুদা মিতু

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের ওপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ঝালকাঠি শহরের কোর্ট রোডে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন শেষে নবগঠিত জেলা কমিটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদা মিতু বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছোট একটি কার্যালয়ে নাগরিক কমিটির কার্যক্রম শুরু হয়েছিল। পরে রাজনৈতিক দল হিসেবে এনসিপির আত্মপ্রকাশ ঘটে। সেই ধারাবাহিকতায় দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার প্রচেষ্টা চলছে।

তিনি বলেন, দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের লক্ষ্য রয়েছে। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি তাদের কাছে দলের লক্ষ্য, আদর্শ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে মাহমুদা মিতু বলেন, রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনের দাবি নিয়ে এনসিপি কাজ করছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

নতুন জেলা কার্যালয় প্রসঙ্গে তিনি বলেন, কার্যালয়টি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে দলের যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে।

এনসিপির ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার এইচ এম জাকির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা শাখার সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জুবায়ের হাওলাদার, মাহমুদুল ইসলাম সাগর, মোস্তফা কামালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ