ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনব। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকালে পশ্চিমবঙ্গের কাঁথিতে দলীয় এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনারা কী চান? বিধায়ক ভেঙে সরকার বদলে যাক? না ভোটে জিতে বিজেপি ক্ষমতায় আসুক। আমরা ভোটে জিতেই বিজেপিকে ক্ষমতায় আনব। ভোটে জিতেই বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, রাষ্ট্রবাদী সরকার হবে। ডাবল ইঞ্জিন সরকার (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) হবে। উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গেও বুলডোজার চলবে। এটা আমরা দায়িত্ব নিয়ে এই সভা থেকে বলতে পারি।
শুভেন্দু অধিকারী আরও বলেন, রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ করতে গেলে আমাদের গণআন্দোলন বাড়াতে হবে। শুধু পুলিশ বাবা পার করেগা। পুলিশ ছাড়া তোলামূলের (তৃণমূল) আর কিচ্ছু নেই। পুলিশ ছাড়া তোলামূল অন্ধকার, পুলিশ ছাড়া তোলামূলের অস্তিত্ব নেই। সেজন্য আপনারা জাগ্রত হোন।











