spot_img

শিক্ষার পথ রুদ্ধ করে জাতিকে ধ্বংসের দিকে নেয়া হচ্ছে: অধ্যাপক মাহবুবুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, দেশের সব কার্যক্রম চালু রেখে করোনার অযুহাতে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিয়ে জাতিকে ধ্বংসের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে। সবকিছু খোলা শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এটা কোনভাবেই সমর্থন করা যায় না। সংক্রমনের যে মাত্রা সেটা দেখতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

রোববার (২৩ জানুয়ারি) রাজধানীর ভাটারাস্থ আস সাঈদ মিলনায়তনে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, গার্মেন্টস খোলা, বাণিজ্য মেলা চলছে, হাট-বাজার, শপিংমল খোলা, বিবাহ অনুষ্ঠান, টিএসসিতে কনসার্ট সহ নানান কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলছে। এসব চালু রেখে সরকার শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। যা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। মূলত শিক্ষার পথ রুদ্ধ করে জাতিকে ধ্বংসের দিকেই নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশে করোনাভাইরাসের কারণে এর আগে টানা ৫৪৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এর পর গত বছরের ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয় সরকার। ফলে দীর্ঘদিন পর শ্রেণিকক্ষে ফেরার সুযোগ পায় শিক্ষার্থীরা। এখন আবার বন্ধ হওয়ায় সারাক্ষণই বাসায় থাকছে শিক্ষার্থীরা। স্কুল এবং সশরীর উপস্থিত হয়ে শিক্ষা গ্রহণ কার্যক্রম বন্ধ থাকায় শিশুদের কেবল পড়াশোনার ক্ষেত্রে নয়, একই সঙ্গে তাদের স্বাস্থ্য সুরক্ষা ও মনস্তাত্ত্বিক সুস্থতার ওপর প্রভাব ফেলে। পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে আমরা দেখেছি শিশুরা আসক্ত হয়ে পড়েছে মোবাইল এবং ইন্টারনেটের প্রতি। মনোযোগ হারিয়েছে পড়াশুনার ক্ষেত্রেও। এখন বন্ধ হওয়া আবার একই অবস্থা চোখে পড়ছে।

ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, সাধারণত সংক্রমনের বিরুদ্ধে ছাত্রদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তা বৃদ্ধদের তুলনায় অনেক বেশি। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুর পরে বন্ধ হওয়ার কথা। আমার মনে হয়, সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সঠিক নয়।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ-এর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আবুল বাশার নোমানী, মাওলানা ফারুক আহমাদ, আলহাজ¦ হারুন অর রশিদ, প্রিন্সিপাল এম নাজিমুদ্দিন প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ