পবিত্র মদিনায় ইন্তেকাল করেছেন শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি—যিনি টানা প্রায় ৫০ বছর মসজিদে নববীতে কুরআন ও দশ কেরাত শিক্ষা দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি সেই সময় থেকে দরস শুরু করেন, যখন মসজিদে নববীর মেঝেতে কার্পেট ছিল না; নুড়িপাথরের মেঝেতেই বসে চলত কুরআনের হালাকা। আধুনিক সম্প্রসারণ, শীতাতপ নিয়ন্ত্রণ বা উন্নত সুবিধা—কোনো কিছুই তখন ছিল না। তবু নিরবচ্ছিন্নভাবে তিনি পাঠদান চালিয়ে গেছেন, হয়ে উঠেছেন মদিনার প্রবীণতম কুরআন শিক্ষকদের একজন।
সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্যে, দীর্ঘ এই সময়ে তিনি একটি দরসও বাদ দেননি। কেবল বোনের ইন্তেকালের দিন জানাজা ও দাফন সম্পন্ন করে আবারও ফিরে এসেছিলেন কুরআনের দারসে। কুরআনের প্রতি তার এমন নিবেদন মদিনাজুড়ে ছিল আলোচিত ও অনুপ্রেরণার উৎস।
তার কাছে শিক্ষা নিয়েছেন অসংখ্য শিক্ষার্থী; তাঁদের অনেকেই পরবর্তীতে কুরআনের শিক্ষক ও দাঈ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। ফলে তার খেদমত ব্যক্তি পরিসর ছাড়িয়ে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে।
ইন্তেকাল পর শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজির জানাযা মসজিদে নববীতে অনুষ্ঠিত হয়েছে। দাফন করা হয়েছে জান্নাতুল বাকি কবরস্থানে।











