কুমিল্লার বরুড়ায় উপজেলা ও পৌরসভা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, জনগণের সঙ্গে কেউ ক্ষমতা দেখাবেন না, আধিপত্য বিস্তার করবেন না। তিনি বলেন, মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হওয়া যাবে না যে, বিএনপিকে ভোট দিয়ে তারা ভুল করেছে। দলের প্রতিটি নেতাকর্মীর কর্মকাণ্ড ও আচরণে মানুষকে সন্তুষ্ট হতে হবে।
রোববার (২২ মার্চ) সন্ধ্যায় কুমিল্লার বরুড়া উপজেলা ও পৌরসভা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া তাহের সুমন এসব কথা বলেন।
জাকারিয়া তাহের সুমন বলেন, নেতাকর্মীদের মানুষের জন্য কাজ করতে হবে। কে কোন দল করে, কোন ধর্ম মানে, সেটি বড় বিষয় নয়; সবাই বাংলাদেশি। তিনি অন্যায় কাজে জড়িত না হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের জন্য কাজ করছেন এবং দেশকে পরিবর্তন করতে চান। বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশ একটি কঠিন সময় পার করছে, তাই সবাইকে ধৈর্য ধরতে হবে।
মন্ত্রী আরও বলেন, গত ১৭-১৮ বছর তারা দৌড়ের ওপর ছিলেন। এখন কারও হক নষ্ট করা যাবে না। আগে নিজের ঘর ও আত্মীয়স্বজনকে ঠিক করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে। তিনি বলেন, তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তাই জনগণের ওপর কোনো ধরনের ক্ষমতার দাপট দেখানো যাবে না। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তিনি যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেন।
বরুড়াবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাকারিয়া তাহের সুমন বলেন, অনেক কষ্ট করে জনগণ তাকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে। পরে তিনি বড় একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বলেন, তিনি শুধু দলের এমপি হিসেবে নয়, বরুড়াবাসীর এমপি হিসেবে কাজ করতে চান।
তিনি জানান, ইতিমধ্যে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা ধীরে ধীরে বাস্তবায়ন হবে। এর মধ্যে বরুড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার কাজ চলমান রয়েছে।
সামাজিক সমস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিভিন্ন এলাকায় ছোটখাটো কিছু সমস্যা রয়েছে। এ ক্ষেত্রে তিনি প্রত্যেক এলাকার মুরুব্বিদের স্থানীয়ভাবে সেসব বিষয় মীমাংসা করার আহ্বান জানান। পরে সবার মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।
বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান হাফিজ, বরুড়া থানার ওসি আজহারুল ইসলাম, বরুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট খায়রুল এনাম তৌফিক, অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত, সৈয়দ জহিরুল হক স্বপন, বরুড়া পৌরসভা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বরুড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ রেজাউল হক, বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির পাটোয়ারী এবং বরুড়া পৌরসভার সাবেক মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী।










