spot_img

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আমেরিকার পথে জুবাইদা রহমান

আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ সম্মেলনে যোগ দিতে আমেরিকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শিশুদের শিক্ষায় নিরাপদ প্রযুক্তির ব্যবহার ও বিকাশকে কেন্দ্র করে আয়োজিত এই জোটে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জীবনসঙ্গীরা অংশ নিচ্ছেন।

রোববার (২২ মার্চ) জুবাইদা রহমান ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আমেরিকার উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে তিনি যুক্তরাজ্যে যাত্রাবিরতি করবেন।

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত এ জোটের মূল লক্ষ্য হলো শিশুদের শিক্ষায় নিরাপদ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং তাদের বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া।

সম্মেলনে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদ্ভাবনী প্রযুক্তি কীভাবে শিক্ষার সুযোগ বাড়াতে পারে, তা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ এবং শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রেখে উন্নত শিক্ষার পরিবেশ তৈরির বিষয়গুলোও গুরুত্ব পাবে।

হোয়াইট হাউস জানিয়েছে, শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণকারী দেশগুলোকে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়েছে।

সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা নিজ নিজ দেশের প্রেক্ষাপটে সবচেয়ে উপযোগী প্রযুক্তিগুলো যাচাই ও বাস্তবায়নে নিজ দেশের সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে আশা করা হচ্ছে। কর্মসূচি শেষে জুবাইদা রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ