ভারত মহাসাগরে ইরানের তেলবাহী এম/টি ম্যাজেস্টিক এক্স নামের একটি পতাকাবিহীন ট্যাঙ্কারে হামলা চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আমেরিকার যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ওই জাহাজটিতে তল্লাশি চালানো হয়েছে। জাহাজটি ইরান থেকে তেল পরিবহন করছিল এবং এটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ভারত মহাসাগরে অবস্থান করছিল।
বিবৃতিতে আরও বলা হয়, আমেরিকার বাহিনী রাতভর সামুদ্রিক হস্তক্ষেপ ও তল্লাশি পরিচালনা করেছে।
তাদের দাবি, অবৈধ নেটওয়ার্ক ভেঙে দিতে এবং ইরানকে সহায়তা দেওয়া জাহাজগুলোকে আটক করতে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।
একই সঙ্গে সতর্ক করে বলা হয়, আন্তর্জাতিক জলসীমা নিষেধাজ্ঞাপ্রাপ্ত পক্ষগুলোর জন্য নিরাপদ আশ্রয় নয়।
জাহাজটিকে পতাকাবিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এটি কোনো দেশের নিবন্ধিত নয়। আন্তর্জাতিক সামুদ্রিক আইনে এ ধরনের জাহাজে তল্লাশি চালানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনী বেশি ক্ষমতা পায়।











