ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলায় আরও ১৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।
গাজ্জার মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরে এবং গাজ্জা সিটিতে পৃথক ইসরাইলী হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৩ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, মধ্য গাজ্জার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলী সামরিক বাহিনীর বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে। শহীদদের বেশিরভাগই নারী ও শিশু।
হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন জানিয়ে ওয়াফা বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিলিস্তিনি এই বার্তাসংস্থা আরও জানিয়েছে, গাজ্জা শহরের জেইতুন এলাকায় একদল লোকের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ২০ জনেরও বেশি আহত হয়েছেন।











