ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, রামিসার নৃশংস হত্যাকাণ্ডে গোটা দেশ যখন শোকাহত এবং বিচারহীনতায় নাগরিক সমাজ যখন ক্ষুব্ধ তখন দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিকে ‘আমরা মধ্যযুগে নাই’ বলে জনতার আবেগের প্রতি উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার এই বক্তব্য ও আচরণের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।
শুক্রবার (২২ মে) বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।
অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা হারিয়ে যেতে বসেছে, বিচারহীনতার কারণে অপরাধীরা ভয়হীন নৃশংস হয়ে উঠেছে। একের পর এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে চলছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না। অপরাধ প্রমাণিত হওয়ার পরেও বছরের পর বছর কোনো শাস্তি হচ্ছে না। মানুষ বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থার প্রতি অনাস্থা জানিয়েছে। এমন পরিস্থিতি আমরা দাবি করছি যে, রামিসাসহ নারী ও শিশু হত্যার সকল মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
সভায় আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ নির্বাচনে দলের ঘোষিত মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেন, ঐতিহ্যবাহী ঢাকা মহানগর বসবাস অযোগ্য শহর হিসেবে পরিচিত। আমার প্রধান দায়িত্ব হবে, ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে প্রতিষ্ঠা করা।
এর আগে বাদ জুমা একই স্থানে মতিঝিল থানা শাখার তৃণমূল সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেছেন, ঢাকাকে যানজট মুক্ত করতে, দূষণমুক্ত করতে, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত করতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে সভায় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।











